নিউজিল্যান্ডে হামলায় ব্যবহারযোগ্য অস্ত্র বিক্রি নিষিদ্ধ

আপডেট : ২২ মার্চ ২০১৯, ০৩:২৯ এএম

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বর্ণবাদী শ্বেতাঙ্গ বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত হওয়ার ঘটনায় দেশটিতে হামলায় ব্যবহৃত রাইফেল ও আধা-স্বয়ংক্রিয় অস্ত্র বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্দা আরডার্ন এ ঘোষণা দেন বলে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

জ্যাসিন্দা বলেন, ‘আমরা যে কাজগুলো করতে চাই, এর (অস্ত্রে নিষেধাজ্ঞা) মধ্য দিয়ে তা শুরু হয়েছে বলে আশ্বস্ত করতে চাই।’ তিনি বলেন, ‘এটা জাতীয় স্বার্থ ও নিরাপত্তার বিষয়।’ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আশা করছেন, আগামী ১১ এপ্রিল থেকে নতুন আইন কার্যকর হবে। অস্ত্রে নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, ‘হামলার ছয় দিন পর নিউজিল্যান্ডে আমরা সামরিক কায়দার আধা-স্বয়ংক্রিয় (এমএসএসএ) ও হামলার রাইফেল বন্ধের ঘোষণা দিচ্ছি।’

জ্যাসিন্দা জানান, দুই মসজিদে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি অনলাইনে বৈধ উপায়ে অস্ত্র কিনেছেন। হামলাকারী ৩০টি গুলির ম্যাগাজিন ভরে অস্ত্রের সক্ষমতা বাড়িয়েছেন। তিনি আরও জানান, অস্ত্র ব্যবহারে অন্য সবার জন্য নিষেধাজ্ঞা থাকলেও কিছুটা ছাড় পাবেন নিউজিল্যান্ডের কৃষকরা। তাদের অনেকেরই কীটনাশক দমন ও গবাদিপশু ব্যবস্থাপনায় আগ্নেয়াস্ত্রের দরকার হয়।

গত শুক্রবার ক্রাইস্টচার্চের আল নুর ও লিনউডের মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করে ব্রেন্টন ট্যারান্ট পরিচয় দেওয়া বন্দুকধারী। এ ঘটনায় ব্রেন্টনকে হত্যায় অভিযুক্ত করা হয়েছে। হামলার পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গত শনিবার তাকে আদালতে হাজির করা হয়। আরও অভিযোগে তাকে অভিযুক্ত করা হতে পারে।

তার নৃশংসতার শিকার ৫০ জনের পরিচয়ই নিশ্চিত হয়েছে বলে গতকাল জানিয়েছে নিউজিল্যান্ডের পুলিশ। নিহত ব্যক্তিদের স্বজনরা তাদের মরদেহ নিয়ে দাফন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত