লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানপ্রার্থী আবুল কাশেমের নির্বাচনী সভায় গত বুধবার গোবর নিক্ষেপের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ‘বিদ্রোহী’ প্রার্থী দোয়াত-কলম প্রতীকের একেএম সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তুলে নৌকা প্রতীকের আবুল কাশেমের পক্ষে সংবাদ সম্মেলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। অবশ্য নৌকা প্রতীকের প্রার্থী আবুল কাশেমের জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ করে এবং গোবর ছোড়ার প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন করেছেন ‘বিদ্রোহী’ প্রার্থী ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাউদ্দিন টিপু। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যায়। এই নিয়ে জেলা সদরে উত্তেজনা বিরাজ করছে।
জেলা আওয়ামী লীগের ব্যানারে বৃহস্পতিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে সদরের উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কাশেমের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়। একই দিন দুপুর ১টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দোয়াত-কলম প্রতীকের একেএম সালাউদ্দিন টিপুও পৃথক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু অভিযোগ করে বলেন, গত বুধবার সন্ধ্যায় শহরের শমসেরাবাদ এলাকায় নৌকার প্রচার-সভা চলাকালে নেতাকর্মীদের লক্ষ্য করে গোবর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় কয়েকজন সিনিয়র নেতার গায়ে গোবর লাগে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে বহিরাগত অস্ত্রধারীরা এলাকায় অবস্থান করাসহ নৌকার কর্মী-সমর্থকদের হুমকিধমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের কাছে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান জেলা আওয়ামী লীগ সভাপতি।
এদিকে সংবাদ সম্মেলনে বিদ্রোহী চেয়ারম্যানপ্রার্থী একেএম সালাহ উদ্দিন টিপু গোবর নিক্ষেপের ঘটনার নিন্দা জানিয়ে তিনিও জড়িতদের শাস্তি দাবি করেন। এ সময় তিনি পাল্টা অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থীর জনপ্রিয়তা শূন্য দেখে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা করছে তারা। সুুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা চান এই প্রার্থী।
আগামী ২৪ মার্চ লক্ষ্মীপুর সদর উপজেলাসহ জেলার পাঁচটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
