রাজধানী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯১ জনকে আটকের তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই বিশেষ অভিযানে ডগ স্কোয়াড ব্যবহার করা হয়। অভিযানকালে ১১ হাজার ৯৬৫ ইয়াবা, ৮ কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও ৯০টি মরফিন উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, জেনেভা ক্যাম্পে বসবাসের সুযোগ নিয়ে বেশিরভাগ বাসিন্দাই মাদক ব্যবসা করছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে অন্তত ১০ জন পেশাদার মাদক ব্যবসায়ী রয়েছে। এরা বিভিন্ন কৌশলে ঢাকার বাইরে থেকে মাদক এনে এখানে রাখে। তারপর ক্যাম্প থেকে রাজধানীজুড়ে তা ছড়িয়ে দেয়। মাদক বহনের কাজে নারী ও শিশুদের ব্যবহার করে থাকে তারা। গ্রেপ্তারকৃতদের অনেকে আগেও ধরা পড়েছিল। পরে আদালত থেকে জামিনে বেরিয়ে একই ব্যবসায়ে জড়িয়ে পড়ে।
তিনি জানান, জেনেভা ক্যাম্পে ১২-১৩টি স্পট থেকে বিভিন্ন মাদকদ্রব্য খুঁজে বের করেছে ডগ স্কোয়াড।
