গোপালগঞ্জ কোটালীপাড়া থানার ওসি মো. কামরুল ফারুককে উপজেলা নির্বাচনের দায়িত্ব হতে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে পক্ষপাতসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব নূর নাহার ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান খানের কাছে পাঠানো ওই চিঠিতে কোটালীপাড়া থানার ওসি কামরুলের পরিবর্তে ওই থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি একজন অতিরিক্ত পুলিশ সুপারকে নির্বাচন তদারকির দায়িত্ব দিতে বলা হয়েছে।
গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ওহিদুজ্জামান মুন্সী বলেন, ‘কোটালীপাড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিমল কৃষ্ণ বিশ্বাস নির্বাচন কমিশনে কোটালীপাড়া থানার ওসি মো. কামরুল ফারুকের বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতসহ বিভিন্ন অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পেয়ে নির্বাচন কমিশন তাকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার নির্বাচন কমিশন থেকে এক চিঠির মাধ্যমে এ আদেশ দেওয়া হয়।’
