প্রযোজক-পরিচালক করণ জোহরের সঙ্গে শাহরুখ খানের সুসম্পর্ক অনেক দিনের। তারা একসঙ্গে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। এবার শাহরুখের বিপক্ষ শিবিরে গিয়ে বিতর্ক তুললেন করণ।
ভারতীয় গণমাধ্যম জানায়, সমস্যার সূত্রপাত সোশ্যাল মিডিয়ায়। শাহরুখ খানের ‘জিরো’র সঙ্গে অক্ষয় কুমারের সাম্প্রতিক সিনেমা ‘কেশরি’র প্রথম দিনের আয় তুলনা করে পোস্ট দিয়েছিলেন একজন।
অক্ষয় আসলে শাহরুখের চেয়ে কতটা এগিয়ে- সেটাই ছিল পোস্টের মূল বার্তা। গোলমাল বাঁধল যখন করণ জোহর ওই পোস্টে লাইক দেন।
শাহরুখের ভক্তরা ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘মাই নেম ইজ খান’ নির্মাতাকে ট্রোল করতে শুরু করেন। বিতর্ক থামাতে খোদ শাহরুখকে আসরে নামতে হয়।
কিং খান বলেন, “করণ ভালো পোশাক পরতে পারলেও টেকনিক্যাল বিষয়গুলো একেবারেই পারে না। ও ভুল করে ফেলেছে। তা ছাড়া ওর আঙুলও বড্ড মোটা! ভালোবাসা ছড়িয়ে দিন... যুদ্ধ নয়।”
একদম বলিউড বাদশাহর মতো আচরণ। মজার করে বিষয়টি হালকা করার চেষ্টা করলেন তিনি।। তার আগে অবশ্য করণ টুইট করে জানান, তার অ্যাকাউন্টে কিছু সমস্যা হচ্ছে।
তবে মূল ঘটনা হলো ‘কেশরি’র প্রযোজকদের অন্যতম করণ জোহর নিজেই। ইদানিং বলিউড খিলাড়ির সিনেমায় তিনি পরপর টাকা ঢালছেন। ফলে অক্ষয়ের সাফল্যকে তিনি নিজের বলে ধরে নিতেই পারেন!
