বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউতের জন্মদিন ২৩ মার্চ। এ দিন ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির হলেন তিনি। আর তা হচ্ছে এবার রাজনীতির মাঠে নামবেন কঙ্গনা। তবে বাস্তবে নয়, পর্দায়। ‘মণি কর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবির সাফল্যের পর এবার তিনি হাজির হবেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়ললিতার চরিত্রে।
ভারতের দক্ষিণী ছবির কিংবদন্তি অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়ললিতাকে নিয়ে নির্মিত বায়োপিকে কঙ্গনাকেই বেছে নেওয়া হয়েছে। ‘তালাইভি’ নামের এ ছবিটি তামিল ও হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হবে। হিন্দি ভাষায় ছবির নাম হবে ‘জয়া’। ছবিটি পরিচালনা করবেন এ এল বিজয়।
ছবির গল্প লিখছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। এর আগে তিনি‘বাহুবলী’ ও ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’র চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন। ছবিটি নির্মিত হবে বিষ্ণু বর্ধন ইন্দুরি, শৈলেশ আর সিং ভাইবরি ও কর্মা মিডিয়ার ব্যানারে।
কঙ্গনা বলেন, ‘আমি খুবই ভাগ্যবতী যে এত বড় একটি কাজের অংশ হতে পারছি।’এদিকে জন্মদিনে কাজের মধ্যেই ব্যস্ত ছিলেন কঙ্গনা। মুক্তি প্রতীক্ষিত ছবি ‘মেন্টাল হ্যায় ক্যায়া’র প্রচারণার জন্য ফটোশুট নিয়ে ব্যস্ত ছিলেন।
