ঘটনাস্থলেই ডেভিট ও ক্রেডিট কার্ডে নিরাপদ নেটওয়ার্কিংয়ে পরিশোধ করা যাবে ট্রাফিক জরিমানার টাকা। ভবিষ্যতে এমন সুবিধা দিতে গ্রামীণফোনের ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) পদ্ধতির সঙ্গে ডিএমপি’র ট্রাফিক বিভাগের ই-প্রসিকিউশন সিস্টেমকে সংযুক্ত করা হয়েছে।
রোববার সকাল ১০টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে ডিএমপি ও গ্রামীণফোনের মধ্যে ভিপিএন কানেকটিং সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার উপস্থিতিতে উক্ত সমঝোতায় স্বাক্ষর করেন ডিএমপি’র পক্ষ থেকে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) সুদীপ কুমার চক্রবর্তী ও গ্রামীণফোনের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ডিরেক্টর, হেড অব কর্পোরেট বিজনেজ মো. নাছার ইউসুফ।
নাগরিক সেবায় ডিজিটালাইজেশনের বিকল্প নেই উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, দুর্নীতি ও অনিয়ম রোধ করে ভালো নাগরিক সেবা দেওয়া উদাহরণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে তৈরি হয়েছে।
তিনি বলেন, সরকারের প্রতিটি বিভাগই ডিজিটালাইজ হয়েছে। সেক্ষেত্রে ডিএমপি অনেক এগিয়ে রয়েছে। ই-ট্রাফিক প্রসিকিউশনের পর জরিমানা পরিশোধ করে ট্রাফিক অফিস বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাগজ পেতে জনসাধারণের বিড়ম্বনা পেতে হতো। এই বিড়ম্বনা রোধে ডিএমপি’র ট্রাফিক বিভাগের POS মেশিনগুলো ভিপিএন'র নিরাপদ নেটওয়ার্কের আওতায় আনায় ভবিষ্যতে ডেভিট/ক্রেডিট কার্ড সুইফ করে জরিমানা পরিশোধ করা যাবে।
ট্রাফিকের জরিমানা আদায়ের বিষয়ে তিনি বলেন, বর্তমানে ট্রাফিক প্রসিকিউশনে জরিমানা অন দ্যা স্পট ইউক্যাশ সার্ভিসের মাধ্যমে পরিশোধ করা যাচ্ছে। বর্তমানে প্রায় সবার বিকাশ অ্যাকাউন্ট রয়েছে। ট্রাফিক জরিমানা অন দ্যা স্পট বিকাশের মাধ্যমে পরিশোধের জন্য বিকাশ কর্তৃপক্ষকে এর আওতায় আনা হবে। ভবিষ্যতে ডেভিট/ক্রেডিট কার্ড সুইফ করে জরিমানা পরিশোধ করলে প্রায় ৭০ শতাংশ মানুষের জরিমানা প্রদান সহজ হবে। প্রয়োজন হবে না কোন কাগজ আটকে রাখার।
নাগরিক সেবা সহজতর করতে ভালো আইডিয়া ও সার্ভিস দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সহযোগিতা করার আহবান জানান ডিএমপি কমিশনার।
গ্রামীণফোনের ডিডি নাছার ইউসুফ বলেন, ইন্টারনেটের পরিবর্তে ইন্ট্রানেট সিস্টেমই এই ভিপিএন। সিকিউর কানেকশনের জন্য ভিপিএন জরুরী। ট্রাফিক প্রসিকিউশনে অনেকে অন দ্যা স্পট জরিমানা পরিশোধ করতে ইচ্ছুক থাকেন। সেক্ষেত্রে কার্ড সুইপ করে ভিপিএন'র মাধ্যমে নিরাপদে জরিমানা পরিশোধ করা যাবে। ডিএমপি’র ট্রাফিক বিভাগের ই-ট্রাফিক প্রসিকিউশনের ৩০০টি সিম ভিপিএন'র আওতায় আনা হয়েছে।
এ সময় ডিএমপি’র ও গ্রামীনফোনের ঊর্ধ্বতন কর্মরর্তা উপস্থিত ছিলেন।
