চিনিশিল্প লাভজনক করতে পণ্যে বৈচিত্র্য আনার নির্দেশ

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১০:৫৭ পিএম

রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোতে পণ্য বৈচিত্র্যকরণ কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন,  বেসরকারি খাতের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জনে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোতে পণ্য বৈচিত্র্যকরণ কর্মসূচি নিতে হবে। এ শিল্প লাভজনক করতে চিনিকলে শুধু চিনি নয়, অন্যান্য খাদ্যপণ্যও উৎপাদন করতে হবে। এ লক্ষ্যে তিনি কার্যকর প্রকল্প গ্রহণ ও তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

শিল্পমন্ত্রী গতকাল রবিবার শিল্প মন্ত্রণালয়ের ২০১৮-২০১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন। শিল্প মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিল্প সচিব মো. আবদুল হালিম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও করপোরেশনের প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ১০টি নতুন প্রকল্পসহ  মোট ৫২টি উন্নয়ন প্রকল্প রয়েছে। এর মধ্যে ৪৭টি বিনিয়োগ, ৪টি কারিগরি এবং ১টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প রয়েছে। সব মিলিয়ে এসব প্রকল্পে বরাদ্দের পরিমাণ ১ হাজার ৬৫ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে জিওবি খাতে ৯৩৭ কোটি ৯৭ লাখ, প্রকল্প সহায়তা খাতে ৫৭ কোটি ৮৪ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন খাতে ৭০  কোটি টাকা বরাদ্দ রয়েছে।

চিনিশিল্প বাংলাদেশের জাতীয় অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিল্প, জানান শিল্পমন্ত্রী। তিনি বলেন, কৃষিভিত্তিক এ শিল্প লাভজনক করতে চিনিকলের উপজাত (বাই-প্রোডাক্ট) ব্যবহার করে নতুন পণ্য উৎপাদনের উদ্যোগ নিতে হবে। চিনিকলগুলোতে বিদ্যমান কাঁচামাল ব্যবহার করে খাদ্য উৎপাদনের প্রয়াস জোরদার করার পাশাপাশি ছোট ও নিম্নমানের প্রকল্প না নিয়ে বৃহৎ আকারে কার্যকর প্রকল্প গ্রহণেরও পরামর্শ দেন তিনি।

হুমায়ূন মজিদ বলেন, সরকারের ইশতেহার বাস্তবায়ন শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অন্যতম দায়িত্ব। এ দায়িত্ব পালনে টিম স্প্রিটের সঙ্গে সবাইকে কাজ করতে হবে। তিনি আসন্ন ঈদুল আজহার আগেই চামড়া শিল্পনগরীর কাজ শেষ করার তাগিদ দেন। ঈদের সময় চামড়া প্রক্রিয়াজাতকরণ নিয়ে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে লক্ষ্যে এখন থেকেই সর্বোচ্চ সতর্ক থেকে কাজ করার জন্যও মন্ত্রী চামড়া শিল্পনগরী প্রকল্প সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত