দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচনে বর্তমান সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল ঘোষণা করেছে। প্যানেল প্রধান ফাহিম পরবর্তী কমিটির সভাপতি প্রার্থী।
আগামী এপ্রিল মাসে এফবিসিসিআইয়ের ২০১৯-২০২১ মেয়াদে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার রাতে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) পরিষদ তাদের প্যানেল ঘোষণা করে। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ উপদেষ্টা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান, সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, আব্দুল আউয়াল মিন্টু, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, এম এ সাত্তার, এম এ কাশেম, মাহবুবুর রহমান, মীর নাসির হোসাইন, এ কে আজাদ, কাজী আকরাম উদ্দিন আহমেদ ও আব্দুল মাতলুব আহমাদ উপস্থিত ছিলেন।
সালমান এফ রহমান বলেন, সরকার ব্যবসা উন্নয়ন সূচকের উন্নতি ঘটাতে কাজ করে যাচ্ছে। চলতি বছরে ব্যবসা সহজীকরণ সূচক ১১৫ এর মধ্যে আনা হবে। বিশ্বব্যাংকের সহজে ব্যবসা করার সূচকে বাংলাদেশের অবস্থান এখন ১৭৬ নম্বরে। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করছে, যা একেবারেই অযৌক্তিক। আমরা বলেছি বিদ্যুৎ ও গ্যাসের দাম আগামী ১০ বছরে সরকার কখন কতটা বাড়াতে চায়, তার সম্ভাব্য পরিকল্পনা আমাদের সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, ব্যবসায়ীদের দাবি মেনে মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন স্থগিত করা হয়েছিল। এবার সেটি কার্যকর করা হবে। আমরা এখন পর্যন্ত এটি নিয়ে একমত হতে পারিনি। অনুষ্ঠানে প্যানেলের বিস্তারিত পরিচয় তুলে ধরেন শেখ ফাহিম। তিনি বলেন, বহু বেসরকারি ব্যাংক এখনো এক অংকের সুদহারে ঋণ দেয় না। এটি কার্যকরে আলোচনা করছি।
৪৬ সদস্যের প্যানেল ঘোষণা
চেম্বার গ্রুপ : হাসিনা নেওয়াজ, মাসুদুর রহমান মিলন, আজিজুল হক, দিলীপ কুমার আগরওয়ালা, মাসুদ পারভেজ খান ইমরান, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, মো. রেজাউল করিম রেজনু, গাজী গোলাম আশরিয়া, তাবারাকুল তোসাদ্দেক হোসাইন খান টিটো, মো. কহিনুর ইসলাম, প্রবীর কুমার সাহা, মো. আতাউর রহমান ভুঁইয়া, মোহাম্মদ বজলুর রহমান, মোহাম্মদ রিয়াদ আলী, মো. হাসানুজ্জামান, হুমায়ুন রশিদ খান পাঠান, এ এইচ আহমেদ জামাল, শারিতা মিল্লাত ও সুজীব রঞ্জন দাস। চেম্বার গ্রুপের বাকি তিন সদস্যের নাম পরে ঘোষণা করা হবে।
অ্যাসোসিয়েশন গ্রুপ : মুনতাকিম আশরাফ, খন্দকার রুহুল আমিন, আবু মোতালেব, মীর নিজাম উদ্দিন আহমেদ, মো. শফিকুল ইসলাম ভরসা, শমী কায়সার, রাশেদুল হোসাইন চৌধুরী রনি, মো. হাবিব উল্লাহ ডন, শাফকুয়াত হায়দার, হেলেনা জাহাঙ্গীর, আমজাদ হুসাইন, নিজাম উদ্দিন রাজেশ, এস এম জাহাঙ্গীর হোসাইন, মো. আবুল আয়েস খান, আবু নাসের, খন্দকার মইনুর রহমান জুয়েল, হাফেজ হারুন অর রশিদ, আবদুল হক, মেহেদী আলী, মো. মুনির হোসাইন ও কাজী শোয়েব রশিদ। অ্যাসোসিয়েশন গ্রুপের বাকি দুজন সদস্যের নাম পরে ঘোষণা করা হবে।গত ৫ ফেব্রুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ এপ্রিল এফবিসিসিআই নির্বাচন অনুষ্ঠিত হবে। গঠনতন্ত্র অনুযায়ী এবার সভাপতি নির্বাচিত হবেন চেম্বার গ্রুপ থেকে। সহ-সভাপতিও নির্বাচিত হবেন একই গ্রুপ থেকে। আর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত হবেন জ্যেষ্ঠ সহসভাপতি।
