যৌতুকের মামলায় ঢাবি শিক্ষকের বিচার শুরু

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৩:২৩ এএম

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সহকারী অধ্যাপক খালেদ মাহমুদসহ পাঁচজনের বিচার শুরু হয়েছে। মামলার বাকি চার আসামি হলেনÑ খালেদ মাহমুদের বাবা মোমতাজ আলী শেখ, মা মাহমুদা সুলতানা, ভাই মাজিদ মাহমুদ ও শারমীন সুলতানা। গত রবিবার ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য ১ এপ্রিল দিন রাখেন।

মামলার অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, আসামি খালেদ মাহমুদের সঙ্গে ২০১২ সালের ১৬ এপ্রিল র‌্যাবের সাবেক মহাপরিচালক মোখলেছুর রহমানের মেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজিজা রহমানের বিয়ে হয়। বিয়ের পর ৫ লাখ টাকা যৌতুক দেওয়া হয়। পরে তিনি আরও ৫০ ভরি স্বর্ণ এবং একটি ফ্ল্যাট লিখে দিতে বলেন, যা দিতে অপারগতা প্রকাশ করায় ২০১৮ সালের ২ ও ৯ নভেম্বর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় তাকে মানসিক নির্যাতন করা হয় এবং মারধর করা হয়। ওই ঘটনায় ২০১৮ সালের ২২ নভেম্বর নাজিজা রহমান রাজধানীর ভাটারা থানায় মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত