বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ২

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৯:৩১ পিএম

ঝালকাঠির রাজাপুরে বাস চাপায় তৌহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাকিল ও হাবিবুর রহমান নামে আরও দুই আরোহী আহত হয়েছে।

নিহত তৌহিদ রাজাপুর সরকারী কলেজ থেকে গত বছর এইচ এসসি পাস করার পর আর লেখাপড়া করেনি। সে উপজেলার পশ্চিম চাড়াখালি গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। আহতদের রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজাপুর বাইপাস এলাকায় চট্রগ্রামগামী শতাব্দী পরিবহনের ঢাকা মেট্রো ড ১৪-১০৩৪ একটি বাস পেছন থেকে তিনজন আরোহী সহ একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে  ধাক্কা দেয় । মোটরসাইকেল আরোহীরাও ভান্ডারিয়া থেকে রাজাপুর আসছিল। এতে শাকিল ও হাবিবুর রহমান ছিটকে রাস্তার পাশে পড়ে গেলেও চালক তৌহিদকে মোটরসাইকেলসহ বাসটি  চাপা দেয়।

এসময় ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হলে স্থানীয়রা রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তৌহিদকে মৃত ঘোষণা করেন । 

রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক ডা.আবুল খায়ের মাহমুদ রাসেল বলেন, হাসপাতালে আনার আগেই তৌহিদের মৃত্যু হয়েছে। আহত অপর দুইজনের মধ্যে  শাকিলের অবস্থা গুরুতর হওয়ায় শাকিলকে বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, ঘাতক বাসটিকে আটকের পর পুলিশ থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাসের ড্রাইভারের বিরুদ্ধে মামলা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত