রাইড শেয়ারিং সেবা ভ্যাট কর কিছুই চায় না পাঠাও’

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১০:০৮ পিএম

রাইড শেয়ারিং সেবায় মূল্য সংযোজন কর (ভ্যাট) ও কর অব্যাহতি চেয়েছে পাঠাও। শুধু আগামী অর্থবছরই নয়, ২০২৪ সাল পর্যন্ত রাইড শেয়ারিং সেবাকে কর ও ভ্যাট থেকে অব্যাহতি দিতে আ হ ম মুস্তফা কামালের কাছে চিঠি দিয়েছেন পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুসেইন মোহাম্মদ ইলিয়াস।

চলতি অর্থবছরের বাজেটে সরকার মোবাইল ফোন অ্যাপসভিত্তিক পরিবহনের রাইড শেয়ারিং সেবাকে আলাদাভাবে ‘ভার্চুয়াল বিজনেস’ হিসেবে সংজ্ঞায়িত করে সেবামূল্যের বা আয়ের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করেছে। এ ছাড়া রাইড শেয়ারিং ব্যবসা থেকে রাইডারদের অর্জিত আয়ের ওপর ৩ থেকে ৪ শতাংশ উৎসে কর আরোপ করা হয়েছে। তবে কোনো রাইডারের টিআইএন না থাকলে তার থেকে এই উৎসে কর হার ৫০ শতাংশের বেশি আরোপের বিধান করা হয়েছে।

পাঠাওয়ের সিইও চিঠিতে বলেছেন, রাইড শেয়ারিং সেবা ব্যবস্থা তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক পরিবহনসেবা ব্যবস্থা। মোবাইল অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট রাইড শেয়ারিং অ্যাপ ডাউনলোড করে অনলাইন ভিত্তিক এ সেবা গ্রহণ করতে পারেন গ্রাহকরা। বিপরীতে যাত্রীসেবা দিয়ে রাইডার নির্ধারিত ভাড়া পান বা আয় করেন। এই ভাড়া থেকে অ্যাপ সরবরাহকারী ও সংরক্ষণকারী প্রতিষ্ঠান একটি অংশ পেয়ে থাকে। অ্যাপ পরিচালনাকারী প্রতিষ্ঠান রাইডার্সদের অংশগ্রহণ, বাছাইকরণ, প্রশিক্ষণ, গ্রাহকদের আলাদা আলাদা সেবা, কল সেন্টার পরিচালনা ও ব্যবস্থাপনা করে থাকে।

যে কারণে এই ব্যবসাকে ‘ভার্চুয়াল ব্যবসা’ হিসেবে বিবেচনা করার পরিবর্তে তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা হিসেবে বিবেচনা করার প্রস্তাব করেছেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত