ফরিদপুরে স্বাধীনতা দিবসে বিএনপির ওপর হামলা

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১১:৪৩ পিএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফরিদপুরে শহীদবেদিতে ফুল দিয়ে ফেরার পথে হামলার শিকার হয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের গোয়ালচামট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া স্বপন, জেলা

 

বিএনপির সহ-প্রচার সম্পাদক দিলদার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন বিশ্বাস, ছাত্রদলের আল আমীন তুষার, শ্রমিক দলের বিল্লাল তালুকদার প্রমুখ।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এএফএম নাছিম সাংবাদিকদের বলেন, ‘হামলার ঘটনা লোকমুখে শুনেছি। তবে কেউ থানার অভিযোগ নিয়ে আসেনি। আমরা অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেব।’

আহত নেতাদের মধ্যে সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলকে ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

জুয়েলের বড় ভাই সৈয়দ ফরহাদ হোসেন ঝিনু বলেন, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মাথায় দুটি এবং শরীরের বিভিন্ন স্থানে আরও তিনটি কোপ লেগেছে। তার অবস্থা বেশ গুরুতর।

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপন আহত অবস্থায় বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

আহত ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা জানান, ১২-১৪ জনের একটি দল কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে হামলা চালায়। তিনি অভিযোগ করে বলেন, ‘আহত অবস্থায় আমাদের নেতাকর্মীরা কোনো হাসপাতালে চিকিৎসা নিতে সাহস পাচ্ছে না।’ ওই সময় তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত