কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর রাতে দেশ রূপান্তরকে এ কথা জানান তার স্বজনরা। বেলা ৩টার দিকে কারাগারের ফটকে পৌঁছান খালেদা জিয়ার ছোট ভাই
শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক ইস্কান্দার। কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে বেরিয়ে আসেন তারা। খালেদা জিয়ার স্বজনরা দেশ রূপান্তরকে জানান, কারাগারে ভালো নেই খালেদা জিয়া। তিনি তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তারা আরও জানান, খালেদা জিয়ার পায়ের ব্যথা কমছেই না। কারাগারে যথাযথ চিকিৎসা না হওয়ায় এমনটা হচ্ছে। এ সময় শিগগিরই খালেদা জিয়াকে তার ব্যক্তিগত চিকিৎসকদের দেখানোর সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান স্বজনরা।
