জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘স্বাধীনতার ৪৮ বছর পরও স্বাধীনতার ষোলো আনাই বৃথা। সংবিধানে ঘোষিত মৌলিক অধিকার আদায়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে ষোলো আনা মুক্তি আসবে।’ স্বাধীনতার ৪৮তম বার্ষিকীতে গতকাল মঙ্গলবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন তিনি।
ড. কামাল বলেন, ‘সংবিধানে স্বাধীনতার লক্ষ্য সম্পর্কে বলা আছে, জনগণ সব ক্ষমতার মালিক। এ মালিকানা থেকে যদি কেউ তাদের বঞ্চিত করে, তবে তারা সংবিধানবিরোধী কাজ করছে, স্বাধীনতাবিরোধী কাজ করছে। কেউ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সে জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।’
আওয়ামী লীগ বাকশাল ফিরিয়ে আনতে চাইছেÑ বিএনপি নেতাদের এ অভিযোগের ব্যাপারে ঐক্যফ্রন্টের আহ্বায়ক কামাল বলেন, ‘একনায়কতন্ত্র যেন না আসে সেটাই ঐক্যবদ্ধভাবে সবাইকে নিশ্চিত করতে হবে। আমরা তো বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধানে বহুদলীয় গণতন্ত্রের কথা লিখেছিলাম।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐক্যের শিক্ষার কথা স্মরণ করে তার ঘনিষ্ঠ এই সহচর বলেন, ‘বঙ্গবন্ধু সব সময় বলতেন, ঐক্য ধরে রাখতে হবে। তার অসাধারণ নেতৃত্বেই জাতি একতা ধরে রাখতে পেরেছিল।’
এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, প্রেসিডিয়াম সদস্য আ ম সা আমীন প্রমুখ।
মুক্তিযুদ্ধের লক্ষ্য থেকে বাংলাদেশ পথভ্রষ্ট : মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যে মুক্তির জন্য আমরা ’৭১ সালে লড়াই করেছিলাম, সেই মুক্তি আমরা পাইনি। সত্যিকার অর্থে আমরা মুক্তিযুদ্ধের চেতনার ধারেকাছেও নেই; পুরোপুরি পথভ্রষ্ট হয়েছি।’ গতকাল সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
মান্না বলেন, ‘দেশে এখন রাতে ভোট হয়। ব্যাংক ডাকাতি, শেয়ারবাজার লুটসহ রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। আমরা এমন বাংলাদেশের জন্য ১৯৭১ সালে যুদ্ধ করিনি।’
