ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান চাপায় কলেজ বাবুর্চি নিহত

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০৩:১৯ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ডভ্যান চাপায় সায়েদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েদুর ওই এলাকার মন্নর আলীর ছেলে। তিনি স্থানীয় কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের হোস্টেলে বাবুর্চির কাজ করতেন।
এ ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এর ফলে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হোস্টেলের খাবার রান্না করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন সায়েদুর। মহাসড়ক পারের সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান সায়েদুরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার খবর পেয়ে কলেজের আবাসিক শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যানটি আটক করা গেলেও চালক ও তার সহযোগী দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত