‘পিএম নরেন্দ্র মোদী’-কে নির্বাচন কমিশনের নোটিশ

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০৮:৪৪ পিএম

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে নির্মিত সিনেমা ‘পিএম নরেন্দ্র মোদী’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়।

ছবিটি মুক্তির কথা ছিল আগামী ১২ এপ্রিল। পরে নতুন করে তারিখ নির্ধারন করা হয় ৫ এপ্রিল।

ঠিক এই সময়েই সিনেমাটিকে বিপাকে ফেলল ‘পিএম নরেন্দ্র মোদী’র আসল মোদীর রাজনৈতিক প্রতিপক্ষ কংগ্রেস।

ভোটের মাঠে রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপি এবং কংগ্রেস। আগামী লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক সিনেমা যাতে মুক্তি না পায়, সে জন্য নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছেন কংগ্রেস নেতারা।

লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে কংগ্রেস। বুধবার ওই অভিযোগে বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদী’-র প্রযোজকদের নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে ছবিটির বিরুদ্ধে ওই অভিযোগে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতারা। বুধবার সেই অভিযোগের ভিত্তিতে নোটিশ পাঠায় দিল্লির নির্বাচন কমিশন। দিল্লির মুখ্য নির্বাচনী কর্মকর্তা রণবীর সিংহ জানান, আগামী ৩০ মার্চের মধ্যে ওই বায়োপিকের প্রযোজকদের কমিশনের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

রণবীর সিংহ বলেন, “নির্বাচনের সময় সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়ায় কোনও রাজনৈতিক বিজ্ঞাপন দিতে গেলেও আগে থেকে মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটির অনুমতির প্রয়োজন হয়।”

বিবেক ওবেরয় অভিনীত ‘পিএম নরেন্দ্র মোদী’-র মুক্তি পাওয়ার কথা প্রথম দফার লোকসভা নির্বাচনের আগে, আগামী ৫ এপ্রিল।

এই বায়োপিকের বিরুদ্ধে কংগ্রেস নেতা কপিল সিব্বল, অভিষেক মনু সিঙ্ঘভি, রণদীপ সুরজেওয়ালা এবং আরপিএন সিংহ অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, এই বায়োপিকের সঙ্গে শিল্পকলার কোনও সম্পর্ক নেই। নির্বাচনের আগে অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্যই রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়েই তা তৈরি করা হয়েছে।

এরই প্রেক্ষিতে দিল্লীর নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছে ‘পিএম নরেন্দ্র মোদী’ প্রযোজনা সংস্থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত