জাতীয় ক্রিকেট লিগে শিরোপা জিতেছে দিনাজপুর জেলা। ময়মনসিংহ জেলাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই শিরোপা পেল দলটি।
বুধবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আসরে ময়মনসিংহ জেলাকে ৪ উইকেটে হারায় দিনাজপুর।
এ দিন আগে ব্যাটিং করে বড় পুঁজি গড়তে পারেনি ময়মনসিংহ। ৩৮.৪ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় দলটি। পাঁচ নম্বরে নেমে দলটির পক্ষে মোসাদ্দেক হোসেন সর্বোচ্চ ৩৮ রান করেন। দিনাজপুরের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন আশরাফুল আফরোজ ও নবীন ইসলাম।
লক্ষ্য তাড়া করতে নেমে ২৯.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দিনাজপুর। মাত্র ৬ উইকেটে হারাতে হয় তাদের। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক আরিফ রেজা। ময়মনসিংহের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নিয়েছেন গাজী সোহেল।
ম্যাচ সেরার পুরস্কার জিতেন দিনাজপুর জেলার আরিফ। আর আসরের সেরা হয়েছেন ময়মনসিংহের আসাদুজ্জামান প্রিন্স। ১৫৪ রানের পাশাপাশি ৯ উইকেট শিকার করেন তিনি।
