‘থাই ভিসা সহজে দু’দেশের সম্পর্ক জোরদার হবে’

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১১:৪১ পিএম

থাই ভিসা সহজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ভিসা সহজীকরণের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অনেক ব্যবসায়ী, ভ্রমণপিপাসু ও চিকিৎসা প্রত্যাশী নিয়মিত থাইল্যান্ড ভ্রমণ করছেন। থাইল্যান্ডগামীর সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু থাই ভিসাপ্রাপ্তিতে বিভিন্ন ধরনের জটিলতা এবং দীর্ঘসূত্রতা রয়েছে। এ সময় তিনি ভিসাপ্রাপ্তি সহজ করার জন্য থাই সরকারের প্রতি আহ্বান জানান।

গতকাল বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘টপ থাই ব্র্যান্ড’ শীর্ষক চার দিনব্যাপী থাই বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী  চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম এবং ঢাকায় থাই দূতাবাসের চার্জ দ্যা আ্যফেয়ার্স কারিচক অরুনপায়রোজকুল বক্তব্য রাখেন।

মন্ত্রী জানান, বাংলাদেশের বিভিন্ন এলাকায় ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে  তোলার কাজ চলছে। এখানে থাইল্যান্ডের ব্যবসায়ীরা বিনিয়োগ করলে লাভবান হবেন। সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা ঘোষণা করেছে। থাইল্যান্ডের ব্যবসায়ীরা এ সুযোগ নিতে পারেন। বাণিজ্যমন্ত্রী বলেন, উভয়  দেশের ব্যবসায়ীদের জন্য ভিসা পদ্ধতি সহজ হওয়া প্রয়োজন। এতে বাণিজ্য ও পর্যটন শিল্পে আরও গতি আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত