ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বলেছেন, বাংলাদেশ সরকার এবং জনগণ ভারতের অকৃত্রিম বন্ধু, সহযোগী এবং হিতাকাক্সক্ষী। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এ কথা বলেন।
প্রণব মুখার্জী বলেন, ‘তার সৌভাগ্য মুক্তিযুদ্ধের সময় থেকে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন এবং সেই সম্পর্ককে উত্তরোত্তর গভীরতার মধ্যে নিয়ে যাওয়াই ছিল তার প্রয়াস।’ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় ড. মোমেনের প্রশংসা করে ভারতের সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মনোনয়ন নিঃসন্দেহে যোগ্যতা, নিষ্ঠা এবং কর্মদক্ষতার পরিচায়ক। পররাষ্ট্রমন্ত্রীর ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দায়িত্ব পালনকালে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল বলেও প্রণব মুখার্জী উল্লেখ করেন। পত্রে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও বাংলাদেশের সাধারণ মানুষকে তার আন্তরিক শুভেচ্ছা জানান।
