দেশে গণমুখী প্রশাসন নেই বলে অভিযোগ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ অভিযোগ করে তিনি বলেন, দেশে এমন একটা প্রশাসন ব্যবস্থা থাকতে হবে যে প্রশাসন ব্রিটিশ কিংবা পাকিস্তানি প্রশাসনের মতো নয়, গণমুখী হবে। গণমুখী প্রশাসন না হলে স্বাধীনতার সুফল জনগণ পাবে না।
বাংলাদেশ জনতা লীগের উদ্যোগে ‘চলমান রাজনৈতিক প্রসঙ্গ এবং স্বাধীনতার ৪৮ বছরের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বি. চৌধুরী বলেন, পুলিশ দেখলে কেউ ভয়ে পালিয়ে যাবে না তেমন প্রশাসন ব্যবস্থা কি প্রতিষ্ঠিত হয়েছে? যে প্রশাসনের কাছে স্বাভাবিক কাজ আদায় করতে গেলে ঘুষ চায়, পয়সা চায় সেটা কি গণমুখী প্রশাসন? যতদিন পর্যন্ত দেশে অকার্যকর, ব্যর্থ অথবা অস্বাস্থ্যকর প্রশাসন থাকবে ততদিন গণমুখী প্রশাসন হবে না।
সাবেক এই রাষ্ট্রপতি দুর্নীতিমুক্ত রাজনীতি প্রত্যাশা করে বলেন, রাজনীতি যারা করে তারা যদি দুর্নীতি মুক্ত হতে না পারেন বাকি সব দুর্নীতিমুক্ত হবে কীভাবে? তিনি বলেন, রাজনীতিকরা দুর্নীতি না করলে দেশের দুর্নীতির ৫০ ভাগ ৭ দিনে বন্ধ হয়ে যেত। এসব মনেপ্রাণে সরকারকে বিশ্বাস করতে হবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ওসমান গনি বেলালের সভাপতিত্বে ও মহাসচিব সরকার জামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বিএলডিপি চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, যুক্তফ্রন্টের সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদি, বিকল্পধারা বাংলাদেশের সহসভাপতি মাহমুদা চৌধুরী, মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ব্রি.জে. গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।
