বনানীতে আগুন

ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা দেবেন ড. কামাল

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০২:৫৮ এএম

রাজধানীর বনানীতে বহুতল এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কেউ আইনি সহায়তা চাইলে তা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। গতকাল শুক্রবার ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শনে এসে এ কথা বলেন জ্যেষ্ঠ এই আইনজীবী। গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওই ভবনটিতে আগুন লাগে; এতে ২৫ জন নিহত ও ৭৩ জন আহত হন।

ড. কামাল বলেন, ‘এত বড় ঘটনা, এত মানুষ মারা গেল এই ঘটনা জাতীয় তদন্ত কমিটি করে তদন্ত করে দেখা উচিত। আমরা আইনবিদ ও বিশেষজ্ঞরা তা দেখব। এত বড় ভবন, মানুষ বাঁচার জায়গা পেল না। জানালা দিয়ে লাফিয়ে পড়ে মানুষ মারা গেল, পুড়ে আটকা পড়ে মারা গেলÑ এটা হতে পারে না।’ তিনি বলেন, ‘আমরা যে তদন্ত কমিটি করেছি সেটির কো-অর্ডিনেটর সিনিয়র আইনজীবী

 

 

সুব্রত চৌধুরী। আপনারা সবাই তাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা সরেজমিনে দেখে গেলাম। এরপর তথ্য সংগ্রহ করব।’

জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, ‘এই ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয়েছে কি না, যেসব প্রতিষ্ঠানের কাছে গিয়ে অনুমোদন নেওয়ার কথা ছিল সেখানে তারা গিয়েছিল কি না, অনুমোদন নিয়েছিল কি না, অনুমোদন নিলেও যেসব শর্ত তাদের দেওয়া হয়েছিল, তা তারা মেনে ছিল কি না তা খতিয়ে দেখা উচিত। যেসব প্রতিষ্ঠান অনুমোদন বুঝেশুনে দিয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে।’

ড. কামাল আরও বলেন, ‘আইনগুলো মানা হয়েছে কি না আমরা তা খতিয়ে দেখব। তবে এরকম ভবন কতগুলো আছে তা দেখা উচিত।’

এ বিষয়ে সরকার একটা কমিশন করতে পারে জানিয়ে গণফোরাম সভাপতি বলেন, ‘কমিশন গঠন করে সবকিছু তদারকি করতে পারে সরকার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত