হঠাৎই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন গনসালো হিগুয়াইন। ৩১ বছর বয়সী এই আর্জেন্টাইন স্ট্রাইকার বরাবরই গোল মিসের জন্য ছিলেন সমালোচিত। যদিও ক্লাব ফুটবলে প্রতিনিয়তই দারুণ সব নৈপুণ্য মেলে ধরেছেন। এখনো দাপটের সঙ্গে খেলছেন ক্লাব ফুটবলে।
কিন্তু বর্তমান চেলসি তারকার জাতীয় দলের অধ্যায়টা একেবারেই অন্যরকম। বলা যায় শুধুই হতাশার। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেছিলেন হিগুয়াইন। ২০১৫ কোপা আমেরিকার ফাইনালেও গোল মিস করে দেশকে ডুবান হতাশায়। যা নিয়ে দর্শকদের রোষানলে পড়তে হয়েছে তাকে।
হিগুয়াইনের বিদায় বেলায়ও এই সব বিষয়ই আগে সামনে এসেছে। আর্জেন্টিনার হয়ে সবশেষ গোলটি হিগুয়াইন করেন ২০১৬ সালে, পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে।
জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার সময় অবশ্য নিজের ক্ষোভ আড়াল রাখেননি হিগুয়াইন। আর এই স্ট্রাইকারের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বাতিস্তুতা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে ‘বাতিগোল’ লেখেন, ‘‘আমার মনে হয় হিগুয়াইন দারুণ স্ট্রাইকার। পুরো বিশ্বে সে ভালো সম্মান পায় কিন্তু আর্জেন্টিনাতেই তাকে ভালোভাবে দেখা হয় না।’’
বাতিস্তা বলেন, ‘‘আমরা বলাবলি করি, স্ট্রাইকার ২০০ গোল মিস করতে পারে কিন্তু সঠিক মুহূর্তে এক-দুটি গোল একজন স্ট্রাইকারকে পরিচিতি এনে দেয়। তখন আর সে যে গোলগুলো মিস করেছে, তা নিয়ে আলোচনা হয় না। হিগুয়াইনের বেলায় উল্টোটা হয়েছে।’’
‘‘সে অনেক গোল করে কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে গোল মিস করেছে। এখন সবাই তার অনেক গোলের হিসাব ভুলে ওই দু-একটি গোল নিয়েই পড়ে আছে। এটা করা উচিত নয়। এতে একজন স্ট্রাইকারের আত্মবিশ্বাস কমে যায়।’’
