ঘুষ, দুর্নীতি, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মাদকের বিস্তার ও নারী নির্যাতনের মতো বিষয়গুলো দেশকে সংকটে ফেলেছে। সুস্থ ধারার রাজনীতির মাধ্যমে এ সংকট মোকাবিলায় গণচেতনা জাগ্রত করার আহ্বান জানিয়েছেন ন্যাপের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক নেতারা। গতকাল শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ছাত্র সমিতির সাবেক নেতাদের সভায় এই আহ্বান জানানো হয়।
সাবেক ছাত্রনেতা খবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন পরিতোষ দেবনাথ। বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা নাছিরুল ইসলাম চৌধুরী, আসাদুল্লাহ তারেক, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, হাসান কমরুন, জহিরুল হক, নাসির উদ্দিন বাদল, অ্যাডভোকেট আওলাদ হোসেন, নাসিমা হক রুবি, অপূর্ব তালুকদার, আশিক মাহমুদ, মোস্তফা মাহমুদ, শেখ শাহীন, সালে আহমেদ, শরীফ হাসান প্রমুখ।
সভার ঘোষণায় বলা হয়, দেশের বিভিন্ন সংকট ও সার্বিক পরিস্থিতিতে ন্যাপের ধারার রাজনীতি অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। সেজন্য ন্যাপকে শক্তিশালী করা দরকার। বিজ্ঞপ্তি
