সিরাজগঞ্জ পৌরসভার ১৫০ বছর পূর্তি উৎসব

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০৭:৫৫ পিএম

সিরাজগঞ্জ পৌরসভার ১৫০ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে রোববার সকালে ২ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে।

সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর আংশিক- কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি ছিলেন আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহুরুল হক দুলাল, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী।

সিরাজগঞ্জ পৌরসভা চত্বরে জাতীয় ও পৌর পতাকা উত্তোলন, ফেস্টুন,বেলুন, ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

পৌরসভা চত্বর থেকে  বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাসহ পৌরসভার সর্বস্তরের জনগণের সম্মিলিত এক বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

উল্লেখ্য, ১৮৬৯ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জ পৌরসভা। ভয়াল যমুনার পশ্চিম পাড়ে গড়ে ওঠা ২৮.৪৯ বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় প্রায় ৩ লক্ষাধিক মানুষ বাস করে।

এই পুণ্য ভূমিতেই জন্ম নিয়েছিলেন কবি রজনী কান্ত সেন, ইসমাইল হোসেন সিরাজী, গনিত সম্রাট যাদব চক্রবর্তী, সাবেক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন শহীদ এম. মনসুর আলী, বিশিষ্ট রাজনীতিবিদ মওলানা আব্দুল হামিদ খান ভাসানি, আব্দুর রশিদ তর্কবাগীশ প্রমুখ।      

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল, শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে স্বেচ্ছায় রক্তদান, মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে আতশ বাজি।

দ্বিতীয় দিন ১ এপ্রিল সোমবার রয়েছে স্থানীয় সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে  আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া সাফল্যের ঐতিহ্য ও গৌরবের ১৫০ বর্ষপূর্তি উৎসব উপলক্ষে পৌরসভা জুড়ে তোরণ, ফেসটুন, ব্যানার স্থাপন ও  আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত