একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরাম থেকে নির্বাচিত সিলেট-২ আসনের সংসদ সদস্য হিসেবে এম মোকাব্বির খান মঙ্গলবার শপথ নেবেন বলে জানিয়েছেন।
তবে দলীয় প্যাডে স্পিকারকে শপথের চিঠি দেওয়ায় মোকাব্বিরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে গণফোরাম। গণফোরামের পক্ষ থেকে দেশ রূপান্তরকে বলা হয়, ‘মোকাব্বির খানকে দলের পক্ষ থেকে শপথ নিতে বলা হয়নি। গণফোরামের প্যাড ব্যবহার করে তিনি ব্ল্যাকমেইল করেছেন। দলীয়ভাবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।’
সোমবার জাতীয় সংসদের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মোকাব্বির খানের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে তার কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করাবেন।
গণফোরামের প্যাডে সোমবার সংসদের স্পিকারকে চিঠি পাঠিয়ে শপথগ্রহণের প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানান মোকাব্বির খান। ওই চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি ও আমার দল গণফোরাম আগামী ২ এপ্রিল বা ৩ এপ্রিল শপথগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’
ওই চিঠিতে মোকাব্বির খান, নিজে স্বাক্ষর করেছেন।
তবে গণফোরামের পক্ষ থেকে বলা হয়, দলীয় সিদ্ধান্ত হলে দলের নেতার স্বাক্ষর থাকত ওই প্যাডে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচন করেন মোকাব্বির। এর আগে ৭ মার্চ শপথ নেন ফ্রন্টের আরেক সদস্য ধানের শীষ প্রতীকে নির্বাচিত সুলতান মনসুর। দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেওয়ায় তাকে ফ্রন্ট ও গণফোরাম থেকে বহিষ্কার করা হয়।
