মেঘনায় ট্রলারডুবি

আনসার সদস্যের লাশ উদ্ধার নিখোঁজ আরও ২

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০২:৫৮ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ নারী আনসার সদস্য রিতা আক্তারের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে মুন্সীগঞ্জ সংলগ্ন চরহোগলার কাছে ইসমানিরচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন উপজেলা নির্বাচনের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা ইউসিবি ব্যাংকের কর্মকর্তা বোরহানউদ্দিন (৩৮) ও নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এটিএসআই মো. সেলিম (৪০)। গত রবিবার সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে দুটি ট্রলার ও একটি স্পিডবোট নিয়ে ভোটের সামগ্রীসহ দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা সদরে ফিরছিলেন। পথে সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে যায়। এতে ১৭ আরোহী ছিলেন।

রিতা নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বড়চাপা গ্রামের আবু হানিফের মেয়ে। তিনি কাঁচপুর চেঙ্গাইন এলাকায় থাকতেন। নারায়ণগঞ্জ পাগলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট এম এম আতিক বলেন, ‘রিতা চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে ছিলেন। তার লাশ মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের কোস্টগার্ডের জেটিতে রাখা হয়েছে। এছাড়া মেঘনা থেকে সেলিমের ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগে তার পরিচয়পত্র পাওয়া গেছে।’

মুন্সীগঞ্জের গজারিয়া থানার এসআই মো. আজাদ জানান, নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও বিআইডব্লিউটিএ যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

চরকিশোরগঞ্জ-চরহোগলা এলাকার কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ফেরার পথে ঝড়ের কবলে পড়া ট্রলারটির আরোহী তিন পুলিশ সদস্য, এক মাদ্রাসাশিক্ষক, নয় আনসার সদস্য ও মাঝি সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। তারা হলেন পুলিশ সদস্য নুরুল ইসলাম (নায়েক), কনস্টেবল আরিফ, ওয়াকিল ইসলাম (পিসি), মাদ্রাসাশিক্ষক রুহুল আমিন, আনসার সদস্য ফরিদ, আবু তাহের, হিমেল, রশিদ, মানিক মিয়া, দেলোয়ার হোসেন, খাদিজা বেগম, আকলিমা ও রাজিয়া, ট্রলারের মাঝি শাহ পরান। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ক্ষতিপূরণ পাবে হতাহতদের পরিবার : ট্রলারডুবির আহতদের দেখতে সোমবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান ইসি (নির্বাচন কমিশন) সচিব হেলালুদ্দীন। এ সময় তিনি আহত ১২ জনের চিকিৎসার খোঁজখবর নেন ও সমবেদনা জানান।

সাংবাদিকদের ইসি সচিব বলেন, এ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। যে কেউ প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে পারেন। তবে এ ঘটনায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’ তিনি জানান, আহত প্রত্যেককে ইসির পক্ষ থেকে ২০ হাজার ও নিহতদের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রাব্বি মিয়া, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, সোনারগাঁ নির্বাচন কর্মকর্তা জসিমউদ্দিন, ওসি মনিরুজ্জামান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত