আবারো বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বড় ধরনের অঘটনের আগেই আগুন নিভিয়ে ফেলা হলেও ‘ভবন ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে বনানী ১৭ নম্বর সড়কের ১৯ তলা ভবন বসতি হরাইজনে বৈদ্যুতিক কেবলে আগুন লাগে। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন ভবনের কর্মচারীরা।
ওই ভবনে থাকা এক ব্যক্তি জানান, বুধবার দুপুরে পর ভবনটির দোতলায় বৈদ্যুতিক কেবলে আগুন লেগে যায়। মুহূর্তেই নেভানো হয়। কিন্তু আগুন লাগার খবরে পুরো এলাকায় ফের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ভবনে থাকা অফিসের শত শত কর্মী প্রাণ বাঁচাতে নিচে নেমে আসেন।
এর কিছু সময় পর ফায়ার সার্ভিস কর্মীরা এসে ভবনটিতে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ ঘোষণা ঝুলিয়ে দেন।
বসতি হরাইজনের বছর দুয়েক আগেও এক দফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় কেউ হতাহত না হলেও ভবনটি কয়েক মাস ব্যবহার হয়নি।
একই সড়কে থাকা এফ আর টাওয়ারে কয়েক দিন অগ্নিকাণ্ডে মারা যান ২৬ জন। এর পরপরই রাজধানী ও আশপাশের বেশ কিছু এলাকায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।
এর আগে ফেব্রুয়ারিতে রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮০ জনের মতো প্রাণ হারান।
