বঙ্গবন্ধু ও বঙ্গমাতায় সেরা হরিপুর-পাঁচরুখী স্কুল

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১০:৪৬ পিএম

বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বালক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সিলেটের জৈন্তাপুরের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বালিকা বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ’র নান্দাইলের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দু’টি আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। যেখানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বালক আসরের ফাইনালে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে হারিয়েছে নীলফামারী সদর দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। বিজয়ী দলের হয়ে প্রথমার্ধেই জয়সূচক গোলটি করেন সালমান আহমেদ।

বালিকা টুর্নামেন্টের ফাইনালে পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় একই ব্যবধানে লালমনিরহাট পাটগ্রামের টেপুরগাড়ী বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়। প্রমি আক্তার তাসমি দ্বিতীয়ার্ধে ফ্রি-কিক থেকে দলকে জয় এনে দেন। দুই আসরের চ্যাম্পিয়ন দল পেয়েছে তিন লাখ টাকা করে। রানার্সআপ দল দুটি পেয়েছে দুই লাখ টাকা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত