কাতারের দোহায় অনুষ্ঠেয় ১৪০তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে দেশটিতে যাচ্ছেন জাতীয় সংসদের ১২ এমপিসহ সংসদের ৯ কর্মকর্তা। ৬ থেকে ১০ এপ্রিল এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ জন্য আজ শুক্রবার সকালে দেশ ছাড়ছেন এই প্রতিনিধিরা।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, এম. আবদুল লতীফ, মো. হাবিবে মিল্লাত, আব্দুস সালাম মুর্শেদী, মো. আবদুস সোবহান মিয়া, মো. আফতাব উদ্দিন সরকার, জুয়েল আরেং, শেখ তন্ময় এবং পনির উদ্দিন আহমেদ। এ ছাড়া প্রতিনিধিদলে জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ৯ কর্মকর্তা রয়েছেন।
জানা গেছে, আইপিইউ’র এবারের সম্মেলনে ১৬০টি দেশের ১৬০০ ডেলিগেট অংশ নেবেন। এর মধ্যে বিভিন্ন দেশের ৮০ জন স্পিকার, ৪০ জন ডেপুটি স্পিকার এবং ৮০০ সংসদ সদস্য থাকছেন, যার মধ্যে ৩০ শতাংশ নারী ও ১৯ শতাংশ তরুণ সংসদ সদস্য থাকছেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হলো ‘শান্তি, নিরাপত্তা এবং আইনের শাসনের জন্য শিক্ষা বৃদ্ধির প্ল্যাটফরম হিসেবে সংসদ’। কাতার প্রথমবারের মতো এই সম্মেলনের আয়োজন করেছে। সফর শেষে স্পিকার ৯ এপ্রিল দেশে ফিরবেন। প্রতিনিধিদলের অন্য সদস্যদের ১১ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।
