সরাইলে সহিংসতায় পরাজিত নৌকা প্রার্থীর সমর্থক নিহত

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০৩:১০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় রোকন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকন ওই গ্রামের সাদত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচন নিয়ে গত বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকউদ্দিন ঠাকুরের সমর্থক বড়ইছড়া গ্রামের আহসান উল্লার সঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমানের সমর্থক ফারুক মিয়ার লোকজনের বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনায় ওইদিনই স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এর জেরে গতকাল সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০-১২ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত ফারুক মিয়া পক্ষের রোকনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ওসি মফিজউদ্দিন ভূঞা দেশ রূপান্তরকে বলেন, ‘দুপক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। নির্বাচন-পরবর্তী বিষয় নিয়ে দুপক্ষের সংঘর্ষে রোকন মিয়া প্রতিপক্ষের বল্লমের আঘাতে মারা যান।’ নতুন করে সংঘর্ষ ঠেকাতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি মফিজউদ্দিন।

এর আগে গত ৩১ মার্চ সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকউদ্দিন বিজয়ী হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত