জনহিতৈষী কাজের জন্য ডিগ্রি পেলেন শাহরুখ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০১:০৮ পিএম

আরও একটি সম্মানসূচক ডক্টরেট পেলেন শাহরুখ খান। অবশ্য এবারের স্বীকৃতিটি একদমই আলো। জনহিতৈষী কাজের তাকে এই সম্মানে ভূষিত করেছে লন্ডনের দ্য ইউনিভার্সিটি অফ ল। মঙ্গলবার প্রায় ৩৫০ শিক্ষার্থীর উপস্থিতিতে সমাবর্তনে এই ডিগ্রি গ্রহণ করেন কিং খান।

এর আগে বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় ও এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পান শাহরুখ।

শাহরুখ বলেন, “আমার মনে হয় সেবা নীরবে ও সম্মানের সঙ্গে করা উচিত। মুখে বললে তার উদ্দেশই নষ্ট হয়ে যায়। আমার হৃদয়ের কাছের ইচ্ছাগুলো পূরণ করতে জনমানসে আমার ব্যক্তিত্ব ও সামাজিক অবস্থান কাজে লাগাতে পেরে আমি কৃতজ্ঞ।”

সঙ্গে যোগ করেন, “আমি সক্রিয়ভাবে নারীদের ক্ষমতায়ন, পিছিয়ে পড়াদের পুনর্বাসন ও মৌলিক অধিকারের রক্ষায় কাজ করেছি। দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে পৃথিবী আমাকে এত কিছু দিয়েছে, তাকে কিছু ফিরিয়ে দেওয়াটাও আমার কর্তব্য। এই সম্মানজনক ডক্টরেটের জন্য সবার কাছে কৃতজ্ঞ।”

শাহরুখকে শেষবার দেখা গেছে ‘জিরো’ সিনেমায়। এরপর নতুন কোনো সিনেমার ঘোষণা দেননি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত