৬৪৯ রানের ম্যাচে মোহামেডানকে হারাল শাইনপুকুর

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০৬:১৩ পিএম

৩২৪’র জবাবে ৩২৫। মোট প্রায় সাড়ে ছয়শ! এমন এক রোমাঞ্চকর ম্যাচে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে দুই বল হাতে রেখে, দুই উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

মিরপুরে শুক্রবার আফিফ হোসেনের ৯৭, উন্মুখ চাঁদের ৪৯ আর শেষদিকে অমিত হাসানের ৪৩, সোহরাওয়ার্দী শুভর অপরাজিত ৩৪ এবং দেলোয়ার হোসেনের ঝোড়ো ৩৪ রানে ৩২৫ রান রান করে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে আসা শাইনপুকুর।

শাইনপুকুর এদিন টস জিতে মোহামেডানকে আগে ব্যাট করতে পাঠায়। তাদের প্রথম চার ব্যাটসম্যান অর্ধশতক হাঁকিয়ে দলকে ৩২৪ রানের সংগ্রহ এনে দেন। লিটন দাস ৮৯ বলে করেন ৮৪। ৬৬ বলে ৫০ করেন ইরফান শুকুর। অভিষেক মিত্র ৫৯ বলে করেন ৫০। রকিবুল হাসান ৪৮ বলে ৭৪ রানের ইনিংস খেলে দলের স্কোরটা বড় করেন।

ম্যাচসেরা দেলোয়ার হোসেন ৭.৩ ওভারে ৪৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েও প্রতিপক্ষকে আটকাতে পারেননি।

জবাব দিতে নেমে শাইনপুকুরের শুরুটা ভালো না হলেও তিন নম্বরে নেমে উন্মুখ চাঁদ দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। এরপর ৮৬ বলে ৯৭ রান তুলে দলকে আরেকটু ভালো অবস্থায় নিয়ে যান আফিফ।

শেষ দিকে বাকি কাজটুকু সারেন অমিত, শুভ এবং দেলোয়ার। দেলোয়ার মাত্র ১৯ বলে ৩৪ রান করেন।

অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৯ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে গাজী ২০৬ রানে অলআউট হয়। ব্রাদার্স গুঁড়িয়ে যায় ১৯৭ রানে।

৮.৫ ওভার হাত ঘুরিয়ে ৪৯ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন গাজীর নাসুম আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত