বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন সোনালি অধ্যায় অতিক্রম করছে। গতকাল শুক্রবার ভারতীয় অর্থায়নে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর সার্বজনীন পূজা মন্দির ও মণ্ডপের দ্বিতল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ২ কোটি ৫৩ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা ব্যয়ে নির্মিত স্থাপনার উদ্বোধন অনুষ্ঠানে রিভা বলেন, বাংলাদেশে সিলেট বিভাগ গুরুত্বপূর্ণ স্থান। সিলেটের সঙ্গে ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরার সীমান্ত রয়েছে। এই তিন রাজ্যের সঙ্গে সিলেটের ভাষা, সংস্কৃতি ও সামাজিকতায় নিবিড় সম্পর্ক রয়েছে। ফলে প্রয়োজনীয়তা উপলব্ধি করেই সিলেটে একটি ভারতীয় ভিসা কেন্দ্র চালু করা হয়েছে। দুই দেশ কাছাকাছি এসে সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক আরও উন্নয়ন সম্ভব।
তিলকপুর সার্বজনীন পূজা মন্দির ও মণ্ডপ কমিটির সভাপতি, সাবেক প্রধান শিক্ষক ছালিয়া সিংহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মানবিকা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি। অনুষ্ঠান শেষে ভারতীয় হাইকমিশনারের সম্মানে মণিপুরি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
