ভারত-বাংলাদেশ নৌ-যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ায় দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা দাস গাঙ্গুলি। কলকাতা থেকে আসা পর্যটকবাহী জাহাজ আরভি বেঙ্গল গঙ্গার পর্যটক ও বিদেশি অতিথিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন।রিভা দাস গাঙ্গুলি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের চমৎকার সম্পর্ক রয়েছে। নৌপথে যোগাযোগের মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ হবে।’ তিনি জানান, নদীপথে ভ্রমণে ভিসা সহজ করা হবে। বাংলাদেশের নৌ-মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনা করে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের পাগলায় অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) মেরি এন্ডারসন ঘাটে জাহাজটি পৌঁছলে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মাহাবুব উল ইসলাম অতিথিদের অভ্যর্থনা জানান।
যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইতালি ও অস্ট্রেলিয়ার ছয় পর্যটকসহ উনিশ যাত্রী ও ৩৫ ক্রু নিয়ে জাহাজটি ২৯ মার্চ দুপুর সাড়ে ১২টায় কলকাতার খিদিরপুর বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে। সুন্দরবন হয়ে জাহাজটি ৩০ মার্চ সন্ধ্যায় খুলনায় কাস্টমস ও ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বাংলাদেশে প্রবেশ করে। এরপর মোংলা, বরিশাল ও চাঁদপুর হয়ে আট দিনের সফর শেষে নারায়ণগঞ্জে নোঙর করে। পর্যটকদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা ও মুক্তিযুদ্ধে অংশ নেওয়া দীপক বড়ুয়া, ভারতের ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটির সাবেক চেয়ারম্যান নোটন গুহ বিশ্বাস এবং আরভি বেঙ্গল গঙ্গার চেয়ারম্যান রাজ সিংসহ কয়েকজন গণমাধ্যমকর্মীও রয়েছেন। আগামী সকাল ৮টায় মেরি এন্ডারসন ঘাট থেকে জাহাজটি পুনরায় ভারতের উদ্দেশে যাত্রা করবে।
