এবার ট্রাম্পকে ছেড়ে গেলেন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০৯:৫১ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান কার্স্টেন নিলসেন পদত্যাগ করেছেন। সীমান্ত নীতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতের অমিলের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

গত কয়েক মাসে ট্রাম্প প্রশাসন থেকে একাধিক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। বিদায়বেলায় নিলসেন বলেন, ‘নিরাপত্তা বিভাগে কাজ করা আমার জন্য একজীবনের সম্মান।’

ট্রাম্প টুইটে জানিয়েছেন, নিলসেনের জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেবেন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কমিশনার কেভিন ম্যাকআলিনান।

পদত্যাগপত্রে নিলসেন কোনো কারণের কথা উল্লেখ করেননি। লিখেছেন, ‘সরে দাঁড়ানোর এটাই ঠিক সময় আমার জন্য।’

তিনি দাবি করেন, যখন দায়িত্ব নিয়েছিলেন তার থেকে এখন আমেরিকা বেশি নিরাপদ।

ট্রাম্প দক্ষিণ সীমান্ত পরিদর্শন করার পর নিলসেন পদত্যাগের ঘোষণা দিলেন।

অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে ট্রাম্প কঠোর অবস্থানে আছেন। বিভিন্ন দরিদ্র দেশের মানুষ সীমান্তের কাছে এসে মানবেতর জীবন-যাপন করছেন। মারা যাচ্ছে শিশুরা। ট্রাম্প এর ভেতর মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের চেষ্টা করছেন।

ট্রাম্পের সঙ্গে নিলসেন কখনো সরাসরি বিরোধে জড়াননি। নিজ বিভাগের প্রতি সব সময় অনুগত থাকতে দেখা গেছে তাকে। কিন্তু বিবিসি বলছে, গত কয়েক মাসে প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্ক জটিল হয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত