বঙ্গমাতা ফুটবলের থিম ভিডিও উন্মোচিত

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১২:৫৭ এএম

বঙ্গমাতা গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল নিয়ে উৎসাহের শেষ নেই আয়োজনের স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান কে-স্পোর্টসের। সম্প্রতি তারা এই আসরকে সামনে রেখে সাত পর্বের সিরিজ নাটকের ঘোষণা দিয়েছে। আর গতকাল প্রতিষ্ঠানটি উন্মোচন করল আসর উপলক্ষে তৈরি করা থিম ভিডিও।

গাজী শুভ্রের পরিচালনায় দুই মিনিটের এই ভিডিও চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে নারী জাগরণের নানা গল্প। যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের দেশের জন্য বিলিয়ে দেওয়া সংগ্রামী জীবনের গল্প স্থান পেয়েছে, তেমনই মেয়েদের ফুটবল জাগরণের

কথাও এসেছে। পুরো ভিডিওটির ধারাবিবরণী করেছেন প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্য। ভিডিওটির একটি বড় অংশ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ধারণ করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধকালীন বাঙালি নারীর অবদানের কথাও তুলে আনা হয়েছে এই ভিডিও চিত্রে। বঙ্গবন্ধু কারারুদ্ধ থাকাবস্থায় বঙ্গমাতা যেভাবে তাদের সন্তানদের আগলে রেখেছিলেন সেভাবেই গোটা দেশের মানুষকে সাহস জুগিয়েছেন। বঙ্গমাতার আদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে আগামী ২২ এপ্রিল শুরু হতে যাচ্ছে বঙ্গমাতা গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল আসর। বাংলাদেশসহ মোট ছয়টি দেশের অনূর্ধ্ব-১৯ মহিলা দল নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসবে এই আসর। স্বাগতিক দলকে অনুপ্রাণিত করতেই এই ভিডিও চিত্র নির্মাণ করা হয়েছে বলে জানালেন কে-স্পোর্টসের স্বত্বাধিকারী ফাহাদ করিম। আর উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘এত সুন্দর একটি কাজের অংশ হতে পেরে খুব ভালো লাগছে। মেয়েদের এখন এগিয়ে যাওয়ার সময়। ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে এই সুযোগটা থাকে বেশি। বঙ্গমাতা ফুটবল হলো বড় একটা প্ল্যাটফরম।’ ফাহাদ করিম জানান, এই ভিডিও চিত্রটি বিভিন্ন টিভি চ্যানেলে এখন থেকে প্রচার হবে। এছাড়া রেডিও, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত