অনেকের জীবন বাঁচিয়ে শেষ পর্যন্ত নিজেই মৃত্যুর কাছে হার মানলেন রাজধানীর বনানীর অগ্নিকাণ্ডে উদ্ধারকাজের সময় আহত ফায়ারম্যান সোহেল রানা। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বাংলাদেশ সময় রাত ২টা ১৭ মিনিটে মারা যান তিনি। গতকাল সোমবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. সোহাগ দেশ রূপান্তরকে বলেন, ‘সোহেল রানার সঙ্গে আমাদের সিনিয়র স্টেশন অফিসার রায়হান আশরাফ রয়েছেন। তিনি আমাদের এই খবর জানিয়েছেন।’ রাত পৌনে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার লাশ দেশে আনা হয়। এদিকে সোহেল রানার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২৮ মার্চ বনানীর বহুতল ভবনে আগুন নেভাতে ও আটকাপড়াদের উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা। সিনিয়র স্টেশন ম্যানেজার বজলুর রশীদের সঙ্গে সেখানে গিয়েছিলেন তিনি। বজলুর রশীদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছেই বড় স্বয়ংক্রিয় মই (লেডার) দিয়ে ভবনে পানি দিচ্ছিলাম। লেডারে আটকেপড়া ব্যক্তিদের নামিয়ে আনছিলাম। একটি লেডারে সর্বোচ্চ চার থেকে ছয়জন লোক ধরে। সোহেল রানা এবং আরও দুজন ফায়ারম্যান একটি লেডার নিয়ে কয়েকজনকে উদ্ধার করে। আটকেপড়াদের জায়গা দিতে সোহেল লেডারের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিলেন। কিন্তু লেডারটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে আসার সময় হঠাৎ অসাবধানতাবশত তার পা মইয়ের ভেতরে আটকে গিয়ে ভেঙে কয়েক ভাগ হয়ে যায়। একই সময়ে চাপ লেগে তার পেট ছিদ্র হয়ে পড়ে। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রীর নির্দেশে গত শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।’
সোহেলের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের কেরুয়াইল গ্রামে। তার বাবা কৃষক নূরুল ইসলাম ও মা হালিমা খাতুন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। ২০১৫ সালে ফায়ারম্যান পদে যোগ দেন সোহেল। তার সহকর্মী মিজান বলেন, ‘সোহেল ছিল আমাদের টিমে একনিষ্ঠ একজন উদ্ধারকর্মী। সে থাকলে অন্যদের সাহস অনেক বেড়ে যেত। তার এই অকাল মৃত্যুতে সবাই শোকাহত হয়ে পড়েছেন।’
বনানীর অগ্নিকাণ্ডে এর আগে সোহেল ছাড়া ২৬ জন নিহত ও ফায়ার সার্ভিসের কর্মীসহ ৭৪ জন আহত হন।
প্রধানমন্ত্রীর শোক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, ‘অন্যের জীবন রক্ষার্থে, নিজের জীবন উৎসর্গ করার ক্ষেত্রে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।’ প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মহড়া স্থগিত : ফায়ার সার্ভিসকর্মী সোহেল রানার মৃত্যুতে আজ রাজধানীর আরমানিটোলা মাঠে অগ্নিকাণ্ডের মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করেছে ফায়ার সার্ভিস কর্র্তৃপক্ষ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, অগ্নিনিরাপত্তা ঝুঁকি কমাতে ও রাসায়নিকদ্রব্যের ব্যবসায়ীসহ পুরান ঢাকাবাসীকে সচেতন করতে এ মহড়া হওয়ার কথা ছিল।