বার্সা ছেড়ে ইংল্যান্ডে ফেরার ইচ্ছা নেই কৌতিনিয়োর

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১১:৫৭ এএম

সংবাদ মাধ্যমে খবর, ফের ইংল্যান্ডে ফিরে আসতে পারেন ফিলিপে কৌতিনিয়ো। কিন্তু এমন সম্ভাবনা উড়িয়ে দিয়ে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার জানিয়েছেন, বার্সেলোনাতেই থাকতে চান তিনি।

চলতি মৌসুমে আশানুরূপ নৈপুণ্য দেখাতে পারছেন না কৌতিনিয়ো। সব ধরনের প্রতিযোগিতায় ৪৪ ম্যাচে করেছেন ১০ গোল। এর মধ্যে গুঞ্জন, আসছে দল-বদলে আক্রমণভাগের এই খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে বার্সেলোনা।

তবে এসবে কান দিচ্ছেন না কৌতিনিয়ো। বার্সেলোনার হয়ে শিরোপা জয়েই নজর ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ের।

এবারের মৌসুমে দারুণভাবে এগিয়ে যাচ্ছে বার্সেলোনা। ধরে রেখেছে ট্রেবল জয়ের সম্ভাবনা। ১১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লা লিগার শিরোপা ধরে রাখার পথে অনেকটা এগিয়ে আছে দলটি। নিশ্চিত করে রেখেছে কোপা দেল রের ফাইনাল। দাপটের সঙ্গে নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল।

কৌতিনিয়োর মনেও তাই শিরোপা জয়েরই ভাবনা, “বার্সেলোনায় এটা আমার দ্বিতীয় মৌসুম। এখানে আমি শিরোপা জিতেছি, আর আমি সবসময়ই উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড়। আরও এবং আরও চাই।”

“আমি স্পেনে খেলতে চেয়েছি এবং এখন আমি এখানে আছি। খেলছি স্পেনের সেরা ক্লাবে। আর কী-ই বা চাইতে পারি?”

ফের ইংল্যান্ড ফেরার সম্ভাবনা উড়িয়ে দিয়ে কৌতিনিয়ো বলেন, “এই মুহূর্তে আমি শুধু বার্সেলোনার ওপর নজর রাখছি। ফিরে গিয়ে ইংল্যান্ডে খেলার কোনও পরিকল্পনা আমার নেই।”

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে খেলতে যাবেন কৌতিনিয়োরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত