রবিচন্দ্রন অশ্বিন বোলিংয়ে এলে নন স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যান এখন সর্বদা আতঙ্কে থাকেন। যার প্রমাণ মিলল সোমবার ডেভিড ওয়ার্নারের ব্যাটিংয়ে। ডাকাবুকো এই ব্যাটসম্যানকে যেন সারাক্ষণ তাড়া করে ফিরেছে মানকাডিং আতঙ্ক।
এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই বিতর্কে জড়ান অশ্বিন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে জস বাটলারকে ‘মানকাড’ আউটের ফাঁদে ফেলেন অশ্বিন। যা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে প্রচল। ঘটনার পর প্রায় ১৫ দিন পেরিয়ে গেলেও যে আলোচনা থামছে না। বারবার তা ফিরে আসছে।
সোমবার হায়দরাবাদ ও পাঞ্জাব ম্যাচে যা ফিরে এল আবার। এদিন হায়দরাবাদকে ৬ উইকেটে হারায় পাঞ্জাব। আগে ব্যাট করে ওয়ার্নারের অপরাজিত ৭০ রানে ৪ উইকেটে ১৫০ রান করেছিল হায়দরাবাদ। জবাবে ১ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে পাঞ্জাব।
অশ্বিন যখনই বল করতে এসেছেন, স্ট্রাইকিং প্রান্তে ওয়ার্নারকে দেখা গেছে বাড়তি সতর্ক থাকতে। নিজে স্টাম্পের বাইরে থাকলেও ব্যাট ভেতরে রাখছিলেন। যাতে পাঞ্জাব অধিনায়ক অশ্বিন কোনোভাবেই মানকাডিংয়ের সুযোগ নিতে না পারেন।
এই ঘটনা দর্শকদের চোখ এড়ায়নি। সম্প্রচার কাজে নিয়োজিত ক্যামেরাম্যানরা দৃশ্যটি ক্যামেরাবন্দী করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে দৃশ্যটি। অনেকে মজাও করছেন অশ্বিনকে নিয়ে।
