পাবনায় ৫৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০৭:৩৪ পিএম

স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকারে আত্মসমর্পণ করেছেন দেশের উত্তর, পশ্চিম ও দক্ষিণবঙ্গের ৫৬৫ চরমপন্থী সদস্য।

মঙ্গলবার বিকেলে পাবনার শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অন্ধকারের পথ ছেড়ে আলোয় ফেরা চরমপন্থীদের পুনর্বাসনে সহযোগিতা দেবে সরকার।

এক সময়ের চরমপন্থী সন্ত্রাসীদের অভয়ারণ্য পাবনায় মঙ্গলবার ছিল অন্যরকম একটি দিন। চার যুগেরও বেশি সময় ধরে যাদের কাছে জিম্মি ছিল সাধারণ মানুষ, নৃশংসতার পথ ছেড়ে তারাই ফিরেছেন স্বাভাবিক জীবনে। ইতিহাসের সাক্ষী হতে আসা হাজারো মানুষের ছিল তাই বাঁধভাঙা আনন্দ।

সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে উত্তর ও দক্ষিণবঙ্গের ১৪ জেলা থেকে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন বিভিন্ন চরমপন্থী দলের সদস্যরা।

বিকেলে পূর্ববাংলার সর্বহারা, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি ( লাল পতাকা), নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও কাদামাটি দলের চরমপন্থীরা আত্মসমর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।

আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ। আজ যারা আত্মসমর্পণ করলেন, তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হবে।

আত্মসমর্পণ অনুষ্ঠানে ৫৭৫টি দেশীয় অস্ত্র ও ৬৮টি আগ্নেয়াস্ত্র জমা দেন চরমপন্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত