সাভারে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০৯:৪৫ পিএম

সাভারে পূর্ব শত্রুতার জের ধরে কারখানার সামনেই এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সহকর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার নিহতের পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

এর আগে সোমবার রাত ৯ টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মারমোড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকের নাম আবুল কাশেম (২৪)। সে রংপুর জেলার পীরগঞ্জ থানার বড়ভগবানপুর গ্রামের শহিদুল হোসেনের ছেলে। আবুল কাশেম তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় পদ্মারমোর এলাকার পদ্মা টিউব ক্যান কারখানায় কাজ করতো বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ৯ টার দিকে পদ্মা টিউব ক্যান কারখানার শ্রমিক আবুল কাশেম কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় আগে থেকেই কারখানার সামনে অবস্থান নিয়ে থাকা কয়েকজন সহকর্মী পূর্ব শত্রুতার জের ধরে তাকে বেধড়ক মারপিট করে। মারধরের এক পর্যায়ে আবুল কাশেম মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের জামাল ক্লিনিকে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে এনাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্য (ওসি) গোলাম নবী বলেন, নিহত শ্রমিকের মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে সহকর্মীদের সাথে পূর্ব বিরোধের জের ধরে মারধরের এক পর্যায়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া যেখানে ওই শ্রমিককে মারধর করা হয়েছে সেই কারখানার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।

বিষয়টি তদন্ত করে মারধরের কারণে তার মৃত্যু হলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত