দিপক চাহার, হরভজন সিং ও ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই ভেঙে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ব্যাটিং মেরুদণ্ড। আন্দ্রে রাসেলের দৃঢ়তায় অবশ্য দলীয় স্কোর এক শ পেরোতে পেরেছিল দলটি। তবে সেই স্কোর খুব সহজেই পেরিয়ে জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস।
মঙ্গলবার নিজেদের মাঠে কেকেআরকে ৭ উইকেটে হারায় চেন্নাই। এই জয়ে কলকাতাকে দুইয়ে ঠেলে শীর্ষে ওঠে এসেছে চেন্নাই। ৬ ম্যাচ খেলে এ নিয়ে পঞ্চম জয় পেল মহেন্দ্র সিং ধোনির দল। সমান খেলায় দ্বিতীয় হারের স্বাদ পেল দিনেশ কার্তিকের নেতৃত্বাধীন কেকেআর।
টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১০৮ রান করে কলকাতা। জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ৫ ওভারের মধ্যেই শেন ওয়াটসন (১৭) ও সুরেশ রায়নার (১৪) উইকেট হারায় চেন্নাই। দুজনকেই ফেরান সুনিল নারিন।
তবে ফ্যাফ ডু প্লেসি খেললেন দারুণ। আম্বতি রাইডুকে নিয়ে তৃতীয় উইকেটে যোগ করেন ৪৬ রান। রাইডু ২১ রান করে ফিরলেও ডু প্লেসি দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ৪৫ বলে অপরাজিত ৪৩ রান করেন ডু প্লেসি। কেদার যাদব অপরাজিত ছিলেন ৮ রানে। ১৬ বল হাতে থাকতে জয় নিশ্চিত করে চেন্নাই।
এর আগে চাহার, হরভজন ও তাহির তোপে ২৪ রানেই ৪ উইকেট হারায় কলকাতা। ৭৯ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলে দলটি। শেষ পর্যন্ত এক শ’র নিচে অল আউট হওয়ার লজ্জা থেকে তাদের রক্ষা করেছেন আন্দ্রে রাসেল। ৪৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫০ রানে অপরাজিত ছিলেন তিনি।
দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান এসেছে দিনেশ কার্তিকের ব্যাট থেকে। এ ছাড়া দুই অঙ্কের স্কোরে পৌঁছাতে পারেন শুধু রবিন উথাপ্পা (১১)। চেন্নাইয়ের পক্ষে সর্বাধিক ৩ উইকেট দিপক চাহারের। ২টি করে উইকেট নিয়েছেন হরভজন ও তাহির। ম্যাচসেরা হয়েছেন দিপক চাহার।
