ভবন নির্মাণসংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত এর আগে দেওয়া রুল খারিজ করে এ আদেশ দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। আসামি সোহেল রানার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাজ্জাদ আলী চৌধুরী।
আমিন উদ্দিন মানিক জানান, ২০১৬ সালের ৯ মে হাইকোর্ট এই মামলায় রানাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছিল। গতকাল সেই রুল খারিজ করে রায় দেয় হাইকোর্ট। পাশাপাশি ছয় মাসের মধ্যে এই মামলার বিচারকাজ সম্পন্ন করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের বাসস্ট্যান্ড-সংলগ্ন রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ শ্রমিকের মৃত্যু হয়। আহত হন কয়েক হাজার। অনিয়মের মাধ্যমে ভবনটি তৈরি করা হয় বলে অভিযোগ ওঠে। পরের বছরের ১৫ জুন দুদকের উপসহকারী পরিচালক এস এম মফিদুল ইসলাম সাভার থানায় ১৭ জনকে আসামি করে মামলা করেন। ওই বছরের ১৬ জুলাই ভবন মালিক রানাসহ ১৮ জনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা ও দ-বিধির ১০৯ ধারায় অভিযোগপত্র দাখিল করেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা।
রানা প্লাজা ধসের পর গ্রেপ্তার হয়ে সোহেল রানা কারাগারে রয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলার বিচারকাজ চলছে। আর দুদকের নোটিসের পরও সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় সোহেল রানাকে ২০১৭ সালের ২৯ আগস্ট তিন বছরের কারাদণ্ড দেয় ঢাকার সংশ্লিষ্ট বিচারিক আদালত।
