টুইটারে গম্ভীরকে ব্লক করলেন মেহবুবা মুফতি

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০১:২৫ পিএম

ক্রিকেট ছেড়ে বিজেপির রাজনীতিতে নাম লেখানো গৌতম গম্ভীরের সঙ্গে তুমুল বিতণ্ডায় জড়ালেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্কের এক পর্যায়ে গম্ভীরকে টুইটারে ব্লক করে দিয়েছেন তিনি।

বাগযুদ্ধের শুরু সংবিধানের ৩৭০ নম্বর ও ২৫ (এ) ধারা নিয়ে। এর জেরে গম্ভীরকে টুইটারে ব্লক করেন মেহবুবা।

ভারতের এবারের লোকসভা নির্বাচনে জম্মু ও কাশ্মীরের মেহবুবা মুফতি ও ফারুক আবদুল্লাহর মতো প্রার্থীদের আটকাতে সম্প্রতি দিল্লির হাইকোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছে। বিষয়টা নিয়ে অহেতুক সময় ক্ষেপণে ক্ষুব্ধ মেহবুবা টুইটারে লেখেন-“আদালতে সময় নষ্ট করছেন কেন? বিজেপি ৩৭০ ধারা বাতিল করে দিক। তারপর তো নিজে থেকেই আমাদের ভোটে দাঁড়ান বন্ধ হয়ে যাবে। কারণ তখন ভারতীয় সংবিধান তো আর জম্মু-কাশ্মীরের উপর কার্যকর থাকবে না।”

“হে ভারতবাসী এটা না বুঝলে তোমরাই মুছে যাবে, ইতিহাসে তোমাদের নাম নিশানাও থাকবে না।”

মেহবুবার এমন টুইটের জবাবে সোমবার গম্ভীর লেখেন- “এটা ভারত। আপনার মতো কোনও দাগ নয় যা মুছে যাবে।”

গৌতম গম্ভীরের এই জবাবের পর মেহবুবা ক্ষুব্ধ হয়ে গম্ভীরকে ব্লক করে দেন। তবে আবার আনব্লক করে লেখেন- “আশা করছি বিজেপিতে আপনার অংশীদারি আপনার ক্রিকেট ইনিংসের মত বাজে হবে না।” গম্ভীরের মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেন মেহবুবা।

জবাবে গম্ভীর লিখেছেন- “তাহলে আপনি আমার টুইটার অ্যাকাউন্টকে আনব্লক করেছেন। আপনি আমার টুইটের জবাব দিতে ১০ ঘন্টা সময় নিলেন!!! অনেক স্লো। এটা আপনার ব্যক্তিত্বে গভীরতার অভাব দেখায়।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত