রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রী হলে গেস্ট রাখার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে ছয় ছাত্রী হলের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। গত বুধবারেও একই দাবিতে তারা মানববন্ধন করেছে।
শিক্ষার্থীরা বলেন, ‘আমরা গ্রাম থেকে এসে লেখাপড়া করছি। বিভিন্ন প্রয়োজনে স্বজনরা এখানে আসেন। অন্যত্র থাকার সুযোগ না থাকায় তারা আমাদের ওপর ভরসা করে হলে আসেন। আর তখনই আমাদের কর্তৃপক্ষের কথা শুনতে হয়। হলের দায়িত্বরত কর্মচারীরা পর্যন্তও এ নিয়ে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে।’ তারা আরও বলেন, ‘ছাত্র হলে গেস্ট রাখা নিয়ে কোনো সমস্যা হয় না। আমরা সবাই ক্যাম্পাসের শিক্ষার্থী। আমাদেরকেও গেস্ট রাখার সুযোগ দিতে হবে।’
রোকেয়া হলের শিক্ষার্থী শাকিলা খাতুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মন্নুজান হলের জান্নাতুন নাঈম, রহমতুন্নেসা হলের শিক্ষার্থী ইসমাত আরা জেরিন। কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক রঞ্জু হাসান। এ সময় আগামী সোমবার গ্রন্থাগারের সামনে গণস্বাক্ষর কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়।
গত মঙ্গলবার রহমতুন্নেসা হলের এক আবাসিক ছাত্রীর কাছে আসা গেস্টকে হল থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। এ নিয়ে শুরু হয় আন্দোলন।
