ফেনীর দাগনভূঞার খুশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার প্রধান শিক্ষক আবদুল করিম (৫৫) আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফেনীর বিচারিক হাকিম এস এম এমরান তার জবানবন্দি রেকর্ড করেন।
আদালত পুলিশের পরিদর্শক গোলাম জিলানী দেশ রূপান্তরকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেন বিকেলে আবদুল করিমকে আদালতে উপস্থিত করেন। জবানবন্দিতে তিনি ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। একই আদালতের বিচারক গত সোমবার তার দুদিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে চলতি বছর জানুয়ারি মাসে প্রধান শিক্ষকের ধর্ষণের শিকার হয়ে উপজেলার খুশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাজানি হলে গত ৪ এপ্রিল বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে আটক করে। পরদিন শুক্রবার নির্যাতিতার মা বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা দায়ের করেন।
