৩৫ দেশের অ্যাম্বাসেডর আমার সঙ্গে গেয়েছেন

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১২:৫০ এএম

জনপ্রিয় সংগীতশিল্পী সোমনুর মনির কোনাল। ব্যস্ত রয়েছেন প্লেব্যাক, স্টেজ শো, মৌলিক গান ও ‘গানের রাজা’র বিচারকাজ নিয়ে। আগামীকাল পহেলা বৈশাখের আয়োজনে গাইবেন তিনি। সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

 

ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে...

পহেলা বৈশাখের আয়োজনে আগামীকাল সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভুটানের দেশাত্মবোধক গান গাইবার ব্যাপারে চ্যানেল আই কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করেন। কারণ এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী। তাকে সম্মান জানাতেই ভুটানি গান করব। এরই মধ্যে গান বাছাই করে কণ্ঠে তুলে ফেলেছি। গানের কথাগুলো যেন সঠিকভাবে গাইতে পারি সেজন্য একজন ভুটানি নাগরিক খুঁজতে ফেইসবুকে পোস্টও দিয়েছিলাম। পোস্টে কাজ হয়েছে, ভুটানি নাগরিক পেয়েও গেছি। আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, সঠিকভাবে যেন গানটি করতে পারি।

পহেলা বৈশাখে...

পহেলা বৈশাখে সারা দেশে অনেক অনুষ্ঠান হয়। ফলে সংগীতশিল্পীরা এদিনটিতে কনসার্ট নিয়েই ব্যস্ত থাকেন। আমিও ঢাকার মধ্যে একটি কনসার্টে গাইব। বাকিটা সময় পরিবার-বন্ধুদের সঙ্গে আনন্দ-আড্ডায় কেটে যাবে।

নতুন গান...

প্লেব্যাকে তো নিয়মিতই নতুন নতুন গান গাইছি। তবে নিজের ইউটিউব চ্যানেল কোনাল মিউজিকের জন্য বেশকিছু গান তৈরি করেছি। প্রতিটি গানের স্বাদ আলাদা আলাদা। মিউজিক ভিডিও করে এক এক করে গানগুলো প্রকাশ করব। ইউটিউবে গান প্রকাশের বিষয়টি আগে এতটা গুরুত্ব দিয়ে ভাবিনি। কিন্তু আমার ফেইসবুক অনুসারী, দেশ ও দেশের বাইরের ভক্তরা প্রায়ই বলতে থাকেন আমি যেন ইউটিউবে নিয়মিত নতুন গান প্রকাশ করি। তাদের চাওয়ার প্রতি সম্মান জানিয়ে বিষয়টি নিয়ে সিরিয়াস হয়েছি। আসছে ঈদেই হয়তো একাধিক গান প্রকাশ করব।

৩৫ দেশের অ্যাম্বাসেডরের প্রশংসা...

সম্প্রতি মৌলভীবাজারের একটি অনুষ্ঠানে গাইতে গিয়েছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে। এই অনুষ্ঠানটি ছিল বিশেষ কিছু, কারণ এখানে দর্শকের সারিতে ছিলেন ৩৫টি দেশের অ্যাম্বাসেডর। আমি তাদের মাইকেল জ্যাকসনের ‘হিল দ্য ওয়ার্ল্ড’ গানটি গেয়ে শুনিয়েছি। ভাবতেই পারিনি গানটি তাদের এতটা ভালো লাগবে! সবাই আমার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন। এমনকি গান শেষে আমি বেরোনোর সময় আমেরিকান অ্যাম্বাসেডর আলাদা করে আমার গায়কির প্রশংসা করেন। এটি সত্যিই অনেক সম্মানের।

‘গানের রাজা’র বিচারক...

চ্যানেল আই ‘গানের রাজা’ দেশের মধ্যে ছোটদের নিয়ে সবচেয়ে বড় গানের রিয়েলিটি শো। এতে শুরু থেকেই আমি আর ইমরান বিচারক হিসেবে আছি। মাঝে অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজকের কিছু অনিয়মের কারণে আমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। চ্যানেল আই কর্তৃপক্ষ প্রযোজকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার পর আমাকে বাকি পর্বগুলো সম্পন্ন করার অনুরোধ করেন। তাই আমি আবার ফিরে এসেছি। অচিরেই গ্র্যান্ড ফিনালে হবে, সেখানে আমি থাকব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত