পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেছেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় এগুলো বাস্তবায়ন হচ্ছে। সরকারের এসব কর্মকা-কে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে। দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।’ গতকাল শুক্রবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তানভীর আহমেদ শাকিল।
মন্ত্রী আরও বলেন, ‘সমাজের কিছু কিছু ঘটনা আমাদের ব্যথিত করে। ফেনীতে মাদ্রাসাছাত্রী রাফিকে হত্যার ঘটনায় সারা দেশের মানুষ মর্মাহত। এই হত্যাকা-ের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
