প্রেস ক্লাবে নজরুল ইসলাম খান

মুক্ত করতে না পারলে খালেদা জিয়াকে হারাতে হবে

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০৩:০৬ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। জেলের তালা ভেঙে মুক্ত করে আনতে না পারলে তাকে আমরা হারাব।’ গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জিয়া আদর্শ একাডেমি’ আয়োজিত প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও হাবিব-উন নবী খান সোহেলসহ সব কারাবন্দি নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ সভার আয়োজন করা হয়। নজরুল ইসলাম খান বলেন, ‘আর তাকে হারালে আপনার আমার কার কত দাম, সেটা আমাদের জানা আছে। তাই তার আন্দোলনের সঙ্গী হাবিব-উন নবী খান সোহেলের মতো যারা বন্দি আছেন, তাদের মুক্ত করার জন্য যে লড়াই প্রয়োজন আসুন সেই লড়াইয়ের প্রস্তুতি নিই।’ বিএনপির এই নেতা আরও বলেন, ‘২৬ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে ১৯ মার্চ জয়দেবপুরে আর্মির অস্ত্র কেড়ে নিয়ে আমরা আর্মির সঙ্গে লড়াই করেছিলাম। ঢাকায় মিছিল হয়েছিল ‘জয়দেবপুরের পথ ধর, বাংলাদেশ স্বাধীন কর’। আজকে ৭২ বছর বয়সে আমাকেই সেই কাজ করতে বলেন, না আপনাদেরও দায়িত্ব আছে। তারপরও বলছি, আছি আপনাদের সঙ্গে। শুধু সঙ্গে না, আপনাদের সামনেই থাকব। চলেন আমরা একসঙ্গে নামি।’

সরকারের উন্নয়নের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ এক নম্বরে, যে দেশে ধনীরা আরও অনেক দ্রুত ধনী হচ্ছে, আর গরিবরা আরও দ্রুত গরিব হচ্ছে এই তো বাংলাদেশ। এটাই তো আমাদের উন্নয়নের ধরন। কিছু লোক ধনী হচ্ছে, তাদের কাছে টাকা আছে, তারা সরকারকে টাকা দিয়ে সহযোগিতা করে। সরকার সেই টাকা দিয়ে বিভিন্ন এজেন্সিকে আমাদের বিরুদ্ধে কাজে লাগায়।’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির যে অবস্থা হয়েছে এটা তো দেশের একটি খণ্ডচিত্র মাত্র। সারা দেশ ধর্ষিত, অগ্নিদগ্ধ।’

আয়োজক সংগঠনের সভাপতি আজম খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত